চট্টগ্রামে নতুন করে আরো ৭০ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬৮ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৮১৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৫৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৬ জন। এছাড়া গতকাল নতুন করে আরো ৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৫১ শিশুর। অন্যদিকে মোট ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল আরো ১০ জন শিশুর নমুনা পরীক্ষায় ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ১৩৪ শিশুর। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












