ইংল্যান্ডে কাউন্সিল এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ক্ষমতাসীন লেবার পার্টির ২০–এর বেশি এমপি প্রধানমন্ত্রীকে তার পদত্যাগের সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে স্টারমার এখনও দৃঢ় তিনি পদত্যাগ করবেন না। তার মন্ত্রিসভার সদস্যরাও তার প্রতি সমর্থন ব্যক্ত করে বার্তা দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। জাতীয় নির্বাচনের দুই বছর আগে ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্টে এমন ভরাডুবিকে লেবার পার্টির জন্য অশনি সঙ্কেত হিসেবেই বিবেচিত হচ্ছে। খবর বিডিনিউজের।
বিবিসি লিখেছে, ওয়েলসের পার্লামেন্টে ঐতিহাসিক পরাজয়ের দেখা পেয়েছে স্টারমারের দল। ২৭ বছর পর ক্ষমতা হারিয়েছে তারা। এবারের ভোটের ফলে ওয়েলসের স্বাধীনতাপন্থি মধ্য–বাম প্লাইড কামরি সেখানে সর্ববৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে, ৯৬ আসনের পার্লামেন্টে তারা জিতেছে ৪৩ আসন। এক ধাক্কায় ৩৪ আসন নিয়ে দ্বিতীয় হয়েছে জনতুষ্টিবাদী ডানপন্থি দল রিফর্ম ইউকে। লেবার ৯টি, কনজারভেটিভ পার্টির প্রার্থীরা ৭টি আসনে জিতেছে। লেবার ডেমোক্র্যাট ও গ্রিন পেয়েছে যথাক্রমে ২টি ও ১টি। স্কটল্যান্ডে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি। আগের বারের চেয়ে ছয়টি কমে এবার তাদের আসন সংখ্যা ৫৮। ১৭টি আসন নিয়ে চমক দেখিয়েছে রিফর্ম ইউকে। স্কটিশ গ্রিন ও লিবারেল ডেমোক্র্যাটদেরও আসন বেড়েছে। কমেছে লেবার আর কনজারভেটিভদের। ইংল্যান্ডের ১৩৬টি কাউন্সিলের মধ্যে ১৩১টির ফলাফল ঘোষিত হয়েছে। এতে রিফর্ম ইউকের হাতে লেবাররা পুরোপুরি ধরাশায়ী হয়েছে। আগের বারের চেয়ে এক হাজার ৪৪২টি বেড়ে তাদের কাউন্সিলর সংখ্যা হয়েছে এক হাজার ৪৪৪। লেবার হারিয়েছে এক হাজার ৪০৬ কাউন্সিলর, তাদের হাতে আছে মাত্র ৯৯৭টি। ৫৫৭ কাউন্সিলর খুইয়ে কনজারভেটিভদের অবস্থান চতুর্থ, তাদের টপকে তৃতীয় হওয়া লিবারেল ডেমোক্র্যাটদের পাশাপাশি গ্রিন এবং স্বতন্ত্ররাও এবার বেশ ভালো ফল করেছে। লেবার পার্টির উপপ্রধান লুসি পাওয়েল বিবিসিকে বলেছেন, নির্বাচনে এ ভরাডুবি দায় নিচ্ছেন প্রধানমন্ত্রী স্টারমার, তবে তিনি পদত্যাগ করছেন না। তিনি দায় স্বীকার করে নিচ্ছেন। তিনি বলেছেন আমাদের পরিবর্তন আনতে হবে। লোকজন যা বলছে তিনি তা শুনতে পেয়েছেন। ভোটারদের বার্তা দল শুনতে পেয়েছে। আমাদের অনেক বেশি ভালো করতে হবে। স্টারমার পরিষ্কার করেছেন তিনি একটা দায়িত্বে রয়েছেন এবং তিনি তা চালিয়ে যেতে চান, বলেছেন পাওয়েল।














