নিউ মুরিং আবাসিক ভবনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন নিউ মুরিং আবাসিক এলাকার একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তারা হলেন মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচ তলার ৬ নম্বর বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল সকালে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে–গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বাসাটির কক্ষগুলো খুবই ছোট। আলো–বাতাসের তেমন সুযোগ নেই। তবে বিষয়টি আরও বিষদভাবে খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ তিনজনের চিকিৎসা চলছে। দগ্ধ আরিফের শরীরের ৮৫ শতাংশ, তার স্ত্রী রাশেদা বেগমের ৫৫ শতাংশ এবং তাদের শিশু সন্তান আরিফার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

বন্দর থানার ওসি আবদুর রহিম আজাদীকে বলেন, দগ্ধ তিনজনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। আমাদের বিশেষ টিম বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ মনে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ইচ্ছা আছে আত্মসমর্পণ করার,একটু সময় লাগতেছে’
পরবর্তী নিবন্ধদ্বিমুখী চাপে পোশাকশিল্প