মুহাম্মদ নাসির উদ্দীনের সাহিত্য চর্চা বিশেষ করে হাইকু, লিমেরিক, ক্লেরিহিউ এবং বিশ্বসাহিত্যের নবতর ব্যবহার এবং চর্চা তাঁকে সাহিত্যের ইতিহাসে অমর করে রাখবে। গত ১৮ সেপ্টেম্বর পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নোঙর সাহিত্য আড্ডায় লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীগণ এমন মন্তব্য করেন। বক্তারা বলেন, মুহাম্মদ নাসির উদ্দীন তাঁর ছয় দশকের সাহিত্য সংস্কৃতি চর্চায় জাপানি, জার্মানি এবং ধ্রুপদী সাহিত্য চর্চায় বিশেষ দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছেন।
নোঙর সম্পাদক আবু সাঈদ হাননানের পরিচালনায় ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এ আড্ডায় ‘সাহিত্যের তেজস্বী ঘোড়সওয়ার মুহাম্মদ নাসির উদ্দীন শিরোনামীয় প্রবন্ধ উপস্থাপন করেন নোঙরের প্রকাশক আমীরুল ইসলাম। এছাড়া নাসির উদ্দীনের সাহিত্য চর্চায় সৃষ্টিশীলতা মানবিকতা বিষয়ে কথামালা উপস্থাপন করেন ছড়াকার, সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান শামীম। নিবেদিত লেখা পাঠ করেন সৈয়দ খালেদুল আনোয়ার। মুহাম্মদ নাসির উদ্দীনের সাহিত্যের নানাবিধ দিক নিয়ে আলোকপাত করেন সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, কবি মাঈন উদ্দিন জাহেদ এবং শওকত এয়াকুব।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী বলেন, আমরা মুহাম্মদ নাসির উদ্দীনের সাহিত্য চর্চা নিয়ে আড্ডার আয়োজন করে কিছুটা দায় শোধ করেছি। তবে সৃষ্টিশীল ব্যক্তিত্বের মূল্যায়ন তাদের জীবদ্দশায় হওয়া উচিৎ।
নোঙর সাহিত্য আড্ডার নিয়মিত আয়োজন লেখাপাঠ, আলোচনা ও মুক্তালোচনায় অংশ নেন– আব্দুল হক, কবি কপিল উদ্দিন দুলাল, কাজী আল মামুন, চিন্তক রাজা রাকিব, সাংবাদিক ওমর ফারুক, হোসাইন জিয়াদ, ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী নুরুল করিম মামুন এবং শিল্প সহযোগী আলী হোসেন। মুক্তালোচনায় ওঠে আসে সাহিত্য রাজনীতি ও সমসাময়িক নানাবিধ প্রসঙ্গ। প্রেস বিজ্ঞপ্তি।













