নারী এশিয়া কাপের দশম আসর আজ শুরু

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নারী এশিয়া কাপের দশম আসর আজ থেকে মাঠে গড়াচ্ছে। এবারের আসরটি হবে টিটোয়েন্টি ফরম্যাটে। এখন পর্যন্ত নারী এশিয়া কাপ চারটি ওয়ানডে এবং ছয়টি টিটোয়েন্টি ফরম্যাটে হয়েছে। দুবাইয়ে দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আসন্ন টুর্নামেন্টে আট দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আগামী ৩১ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা। এদিকে, ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। আগামী ১০ (এ১বি২) ও ১১ (এ২বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের সাথে একবার শিরোপা ঘরে তুলেছে শ্রীলংকা। এছাড়া শ্রীলংকা পাঁচবার, ভারত ও পাকিস্তান দু’বার করে রানার্সআপ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের লংমার্চকে ঐতিহাসিক গণসমাবেশে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধহ্যান্ডবলের ফাইনালে কল্লোল গ্রীণ ও চসিক