নবীজির জীবনাদর্শে আলোকিত হোক নতুন প্রজন্ম

আন-নিসা একাডেমিতে সীরাহ অলিম্পিয়াডে বক্তারা

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধকে শিশুকিশোরদের হৃদয়ে ধারণ করানোর লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে আননিসা একাডেমি। শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাহ সম্পর্কে জ্ঞান, ভালোবাসা ও অনুশীলনের আগ্রহ তৈরি করতে আয়োজন করেছে আননিসা সীরাহ অলিম্পিয়াড। ২২ আগস্ট (শনিবার) সকালে আননিসা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিকেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সীরাহভিত্তিক জ্ঞান ও সৃজনশীলতার এই আয়োজনে অংশ নেয় ১৫টিরও বেশি প্রতিষ্ঠান। ফলে অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান, মেধা ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজকদের মতে, মহানবী (সা.)-এর জীবন শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়; বরং একজন মানুষের ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও নেতৃত্ব্তসবক্ষেত্রের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। তাই ছোটবেলা থেকেই শিশুদের তাঁর জীবন ও চরিত্রের সঙ্গে পরিচিত করা প্রয়োজন। সীরাহ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রশ্নোত্তরের প্রস্তুতি নেয়নি; বরং রাসুলুল্লাহ (সা.)-এর সততা, আমানতদারি, দয়া, ক্ষমাশীলতা, ধৈর্য, নেতৃত্ব, মানবিকতা ও উত্তম চরিত্র সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নিসা একাডেমির কো চেয়ারম্যান ইয়াসমিন আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খ জমিরউদ্দীন আল ইসলামিয়া এর মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান ডক্টর আব্দুস সালাম রিয়াদী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির প্রভাষক হাফেজ মাওলানা ইমরানুল হক রিয়াদী।

এছাড়াও আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, উম্মুল কুরা মহিলা একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক, তাওহিদুল উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল হামিদ, এস এ ফ্যামিলির ম্যানেজার আবির মাহমুদ ইরফান ও শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ম্যানেজার মোহাম্মদ মেহরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইয়াসমিন আলম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
পরবর্তী নিবন্ধরাসূলে করীম (সা.) আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত