নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ৫ নভেম্বর

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ৫০৩টি উপজেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। জাতীয় ক্রীড়া পরিষদে বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন। সমপ্রতি সফলভাবে শেষ হয়েছে নতুন কুঁড়ির প্রথম আসর। দ্বিতীয় আসরকে আরও একটু প্রসারিত করে ৪৫৯৯টি ইনিয়নের দল গঠন করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে ১৬ লাখ ৩ হাজার। সেখানের প্রায় ৯ লাখের কিছু বেশী কিশোর এবং ৬ লাখ কিশোরী রয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী এবারের আসরে অংশ নিচ্ছে।

প্রথম আসরের সাথে আরও দুটি ইভেন্ট এবার যুক্ত হয়েছে– টেবিল টেনিস ও ভলিবল। সব মিলিয়ে ১০টি ইভেন্ট নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের ইভেন্টগুলো হলো– এ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি। রোজা, ঈদ ও স্কুলের পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলা পরিচালিত হবে। নতুন কুঁড়ির ক্যালেন্ডার সেভাবেই সাজানো হয়েছে। সেই লক্ষ্যে দ্বিতীয় আসরে জাতীয় পর্যায়ের খেলার আগামী বছর এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধ অনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই ১৮ ও ১৯ অক্টোবর
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে বাদশা মিয়া স্মৃতি সংসদ, জয় পেল শতাব্দীও