লন্ডনে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। দেশে যাতায়াতের সময় প্রবাসীরাযাতে যথাযথ সম্মান ও নিরাপত্তা পান, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নতুন কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি বলেন, সেতুটির নির্মাণকাজ দৃশ্যমান করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানান তিনি।
গত ১ অক্টোবর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের (জিসিএ) উদ্যোগে এ মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। এতে সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম, চট্টগ্রামবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সভায় ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, বিমানবন্দরসহ দেশে অবস্থানকালে প্রবাসীরা যেন যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা পান, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে চট্টগ্রাম থেকে নির্বাচিত সব সংসদ সদস্যকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, মোহাম্মদ নজরুল হাবিবী, শুভন হাসান, এমপিপুত্র মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান, মোহাম্মদ সিফাতসহ প্রমুখ ।
অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এমপি সরোয়ার আলমগীরকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ায় সংসদ সদস্যকেধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।










