নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার ৩০৩ ইয়াবা, ৫৮ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৭২ বোতল স্কাফ সিরাপ ও ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৪৯৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পূর্ববর্তী মামলায় ৮৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৬ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১২ জনকে। এরমধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ১০৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৪৯ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৪ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ১৫টি মাদক মামলা হয়েছে। পুলিশ জানায়, জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












