ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন কৃষক মো. শাহ আলম। কিন্তু বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন তিনি। নিখোঁজ থাকার তিন দিন পর গতকাল বুধবার বিকেলে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহ আলম ওই ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়ের পাড়া এলাকার মৃত এজহার মিয়ার ছেলে।
পুলিশ ও বন বিভাগ জানায়, গত রোববার সকালে পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় নিজের ধানক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন শাহ আলম। এরপর আর ফিরে না আসায় স্বজনরা দুই দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। গতকাল বিকেলে লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে পাহাড়ি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের কর্মকর্তা মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ জানায়, মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিন দিন আগেই বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।













