দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

বাকলিয়ায় ত্রাণ বিতরণকালে মেয়র

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জেলে পাড়ায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত জনসেবার পরিচয়। কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা নাসির উদ্দিন ও আবদুর রহিম, পশ্চিম বাকলিয়া বিএনপির আহ্বায়ক মো. ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা খোরশেদ আলম, শেখ আলাউদ্দিন, ফরিদুর হক লিটন এবং যুবদল নেতা সাদ্দাম, সেলিম, সাজু ও লেদুসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবাম ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধচবি পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা