ম্যাচ জিতেও শেষ পর্যন্ত মুখে হাসি ফোটেনি বাংলাদেশ নারী দলের। থাইল্যান্ডের বিপক্ষে ৩ রানের জয় পেয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিঙে ওঠা হলো না নারী দলের। সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। গতকাল বুধবার ওমানের আজমানে থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ১৩২ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১২৯ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। বাউন্ডারি হওয়ায় ব্যবধান কমে এলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। কিন্তু ৩ রানের এই জয় পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
একই গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে শেষ করেছে জিম্বাবুয়েও। নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার সিঙে জায়গা করে নিয়েছে তারা। জিম্বাবুয়ের নেট রান রেট –০.০৯, বাংলাদেশের –০.২০। অর্থাৎ, থাইল্যান্ডের বিপক্ষে আরেকটু বড় ব্যবধানে জিততে পারলেই পরের পর্বে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনারকে হারায় দল। এরপর শারমিন আক্তার ও নিগার সুলতানা ইনিংস মেরামতের চেষ্টা করেন। শারমিনের ব্যাট থেকে আসে ১৬ রান।
নিগার ৩৬ বলে করেন ৪৫। শেষ দিকে ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারির ২৬ বলে ২৮ রানের ইনিংসে ১৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে থাইল্যান্ড। সানজিদা আক্তার মেঘলার দুই উইকেটে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও অধিনায়ক নারুমল চাওয়াই ৫২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন। নানাপাট ৫৭ এবং নারুমল ৩৩ রান করেন।
শেষ দুই ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন হলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি থাইল্যান্ড। ওমান থেকে দেশে ফিরে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নেবে তারা। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ।












