তোমার ছোঁয়ায় আবেশে আমার পথচলা
গন্তব্যহীন পথে অনির্দিষ্ট সময়। তোমার শরীরের
গন্ধ আমাকে টেনে নিয়ে যায় এক অচেনা পথে,
ক্লান্তিহীন হেঁটে চলা এক অজানা আশায়।
তোমার সান্নিধ্য আমাকে পাগল করে।
আমি অস্থির হই, তোমার উষ্ণতার পরশের আশায়
আমি আকাশের তারা গুণি রাত জেগে।
তোমার চলে যাওয়ার ক্ষণটুকু আজো আমার
ভেজা চোখের পর্দায় ভাসে শুন্যতার আবেশে।
তুমি ছিলে আমার বেঁচে থাকার প্রেরণার
উৎস, তোমার উপস্থিতি আমার কর্মময় জীবনের
অনুপ্রেরণা, আনন্দময় জীবনের পথ চলার সাথী।
তোমার শূন্যতা আমার জীবনকে করেছে
বিষাদের ছায়ায় ভরা অমাবস্যার রাত,
যেখানে প্রতিনিয়ত খুঁজে বেড়াই তোমার ছায়া।
একাকীত্বের বেড়াজালে আটকে আছে
আমার জীবন, হৃদয়ের প্রকোষ্টগুলো ফাঁকা,
খুঁজে ফিরি তোমাকে বারংবার।
কাঙালের মতো হেঁটে চলি অবিরাম।
যাযাবরের মতো চলার পথে যদি কখনো
দেখা হয়, বদলে যাবে আমার পৃথিবী।
এবার তুমি ফিরে পাবে এক নতুন মানুষ,
যেমনটা তুমি চেয়েছিলে।
তুমি দেখবে তোমার স্বপ্নের পুরুষকে,
যে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে অবিচল।
সে আর কেউ নয়, তোমার স্বপ্নের সাথী
যে তোমার স্বপ্নপূরণের অপেক্ষায় দাঁড়িয়ে
অনাগত কাল, শুধু তোমার ফেরার অপেক্ষায়।







