রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, তোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে। আমি চাই রাঙ্গুনিয়ার এই কক্ষ থেকেই যেন আগামী দিনের দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব বেরিয়ে আসে। হয়তো তোমাদের মাঝেই বসে আছে রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ এমপি বা মন্ত্রী।
গত ১৮ এপ্রিল উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা যারা ক্লাসে ভালো ছাত্র, তারা যেন পিছিয়ে পড়া সহপাঠীদের সাহায্য করো। টেলিভিশনের পর্দার হিরোদের চেয়ে বাস্তবের হিরো হচ্ছেন এই সরকারি কর্মকর্তারা, যারা দিনরাত তোমাদের সেবায় কাজ করছেন। আমরা এ বছরের শেষ নাগাদ রাঙ্গুনিয়ার অন্তত ১০টি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে দেবো যাতে তোমাদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। শিক্ষা উপকরণ বিতরণের পর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। একই দিনে উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৫টি সুফলভোগী গ্রুপকে কার্প ও পাঙ্গাস মাছের প্রদর্শনী খামার স্থাপনের জন্য পোনামাছসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী ।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আরেকটি কর্মসূচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তর্পণ দেওয়ান জানান, প্রত্যেক পরিবারকে ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়েছে। এসব উন্নয়ন ও সহায়তা মূলক কর্মসূচি বিতরণকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













