তেলের বাজারে ফের উত্তাপ, ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়াল

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে সংঘাত ও হামলা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে। খবর বাংলানিউজের।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুই আন্তর্জাতিক অয়েল বেঞ্চমার্কই টানা এক সপ্তাহ প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার এই দুই মানদণ্ডের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির পেছনে এটিই প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার
পরবর্তী নিবন্ধইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে হুথি যোদ্ধারা