বৈরি আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটকবাহী জাহাজ চলাচল। গতকাল রোববার সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিন যায় বলে নিশ্চিত করেছেন ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম। এসব জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক সন্ট মার্টিনে বেড়াতে গিয়েছেন। তিনি জানান, এদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো যাত্রা শুরু করে। বিকাল ৪টার দিকে পাঁচটি জাহাজই তিনদিন ধরে আটকা থাকা প্রায় এক হাজার পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা করে এবং রাত ১০টা নাগাদ কক্সবাজারে পৌঁছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপে আটকা পড়েন। গত শনিবার ১৬টি কাঠের নৌকায় ৬৮০ জন টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে নিরাপত্তার ভয়ে আরো হাজাখানেক পর্যটক দ্বীপে থেকে যায়।
হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, তিন দিন ধরে ফেরার আকুতি জানিয়ে আসছিলেন পর্যটকেরা। এখন জাহাজ চলাচল শুরু হওয়ায় তারা খুশি।
আটকে পড়া পর্যটকরা জানান, হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককে অর্থ সংকটে পড়তে হয়েছে। এর মধ্যে দ্বীপের রেস্টুরেন্টগুলোতে খাবারের বাড়তি দাম রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের। তবে কিছু কিছু রিসোর্ট রুম ভাড়া অর্ধেক বা আরো কম নিয়েছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, দীর্ঘ তিন দিনের অনিশ্চয়তা কাটিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় একদিকে যেমন আটকে পড়া পর্যটকদের ফেরার পথ খুলেছে, অন্যদিকে দ্বীপে পর্যটন কার্যক্রমেও ফিরছে স্বাভাবিক পরিবেশ।







