দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন এবং হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আটজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। খবর বাসস ও বিডিনিউজের।
চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও রোগটির উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৯ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন। এর বাইরে যে ১০৫ জনের মৃত্যু হয়েছে, তাদের হাম শনাক্ত হয়েছিল।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৭ জন, চট্টগ্রামে ১১৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৯ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৩, বরিশালে ১২৩, খুলনায় ১৪৫, ময়মনসিংহে ১০৭, রংপুরে ২৭ ও রাজশাহীতে ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।










