ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভিসার প্রসেসিং ফি বাড়ছে

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের ভিসা পেতে এবার বাড়তি খরচ করতে হবে পশ্চিমবঙ্গসহ পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যের বাসিন্দাদের। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশি ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (ভিএসি) থেকে ভিসার আবেদন করতে গেলে প্রসেসিং ফি বাবদ দিতে হবে ৯১৮ রুপি। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। সব মিলিয়ে আবেদনকারীদের গুনতে হবে ১১শ রুপিরও বেশি। বর্তমানে এই দুই কেন্দ্রে ভিসা প্রসেসিং ফি বাবদ জিএসটিসহ ৮২৫ রুপি দিতে হয়। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে আবেদনকারীদের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দাদের ওপরও। কারণ, এই রাজ্যগুলোর বাসিন্দাদের একাংশ কলকাতার বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র থেকেই ভিসার জন্য আবেদন করেন। ফলে ১ ডিসেম্বর থেকে তাদেরও বাড়তি অর্থ খরচ করতে হবে। কলকাতাস্থ বাংলাদেশ উপ–হাইকমিশন সূত্রে এমনটাই জানা গেছে। খবর বাংলানিউজের।

ইতোমধ্যেই কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তনের ঘোষণা দিয়েছে মিশন কর্তৃপক্ষ। একইসঙ্গে ভিসাসংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য আউটসোর্সড সার্ভিস প্রোভাইডারও পরিবর্তন করা হয়েছে। আগের সংস্থা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’র পরিবর্তে নতুন সংস্থা ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’কে (এসজিজিএস) দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন ঠিকানায় ওই দুই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ার কথা।

প্রতিদিনই পশ্চিমবঙ্গসহ পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করেন। বিশেষত ব্যবসায়ী ও পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের একাংশের কাছে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই কেন্দ্রে প্রসেসিং ফি চালু থাকা এবং এবার সেই ফি আরও বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে আবেদনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

বাংলাদেশি ভিসার প্রসেসিং ফি বাবদ এই অর্থ কেবল পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রেই নেওয়া হয়। দিল্লি, ত্রিপুরা, আসাম ও মুম্বাইসহ ভারতের অন্যান্য ভিসা কেন্দ্রে বাংলাদেশি ভিসার আবেদনের ক্ষেত্রে এ ধরনের প্রসেসিং ফি নেওয়া হয় না। চেন্নাইসহ অন্যান্য মিশনেও একইভাবে কোনো ভিসা প্রসেসিং ফি দিতে হয় না বলে আবেদনকারীদের দাবি। ফলে স্বাভাবিকভাবেই কলকাতা ও শিলিগুড়ির ভিসা কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন একাংশ আবেদনকারী। এই দুই কেন্দ্রের পরিবর্তে তারা ভারতের অন্যান্য শহরে অবস্থিত বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন জমা দিচ্ছেন। আবেদনকারীদের একাংশের প্রশ্ন, প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় যেখানে বাংলাদেশি ভিসার জন্য কোনো প্রসেসিং ফি দিতে হচ্ছে না, এমনকি দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ের মতো শহরেও যেখানে এই খরচ নেই, সেখানে কলকাতা ও শিলিগুড়ি থেকে একই ভিসা পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে কেন?

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধ এখনই বন্ধ চায় অধিকাংশ মার্কিন ভোটার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে একসাথে চার সন্তানের জন্ম দিলেন প্রসূতি