কতটা ছাই জমলে বলা যায় আগুন নিভেছে?
কতটা ধস নামলে একটা পাহাড়ের গোড়া চেনা যায়?
কনক্রিটের জঙ্গল থেকে
প্রতিদিন খসে পড়ে আরও একটা আকাশ,
রক্তাক্ত জামা ঝুলতে থাকে
সংবাদের হেডলাইনে, স্ক্রল–বারে, টিভির পর্দায়।
মেয়ের শরীর কি তবে শুধুই
কিছু খিদের মাপকাঠি?
অধিকারের সংজ্ঞায় কতটা ছাড় দিলে
একটা রাতের রাস্তা নিরাপদ হয়?
যুদ্ধ আসে টিভি পর্দায় ব্রেকিং নিউজ হয়ে,
পপকর্ন হাতে চলে ডিজিটাল শোকপ্রকাশ।
শিশুর কান্না মুছে যায়
স্মার্টফোনের স্ক্রিনের আলতো সোয়াইপে।
মানুষের আর্তনাদের ডেসিবেল
আর কত তীব্র হলে
বন্ধ হবে অস্ত্রের বাজেট?
নিরন্ন মানুষের ভাতের থালায়
জমে থাকে কেবল ৫–জি বেগে আসা সান্ত্বনা,
আমরা বদলে ফেলেছি সভ্যতার ডেফিনেশন
গতি বেড়েছে, কিন্তু পৌঁছে যাওয়ার জায়গাটা কোথায়?
আর কতটা ধ্বংসের ধোঁয়া গিললে
বলব আমাদের ঘুম ভেঙেছে?
নাকি অ্যালার্মটা বাজতেই থাকবে,
আর আমরা শুধুই স্নুজ বোতাম চেপে
ঘুমিয়েই থাকব..










