চট্টগ্রাম নগরীতে সমপ্রতি গ্যাস সংকটের কারণে কিছু টেম্পু ও গণপরিবহনের চলাচল কমে যাওয়ায় সাধারণ যাত্রীরা নতুন করে ভোগান্তির শিকার হচ্ছেন। গাড়ির সংকটকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠছে। এতে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
গ্যাস সংকট একটি বাস্তব সমস্যা হতে পারে। কিন্তু সেই সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোথাও কোথাও কৃত্রিমভাবে গাড়ির সংকট তৈরি করে যাত্রীদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। ফলে একজন সাধারণ যাত্রীকে স্বল্প দূরত্বের পথেও স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, গ্যাস সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও কৃত্রিম গাড়ি সংকট তৈরির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় নায্য ভাড়া নিশ্চিত করা হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দঁগাও, চট্টগ্রাম।












