প্রতারণার মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে ব্ল্যাক মেইল ও টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। গতকাল ঢাকার আশুলিয়া থানার বিলভদ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন– কালা মিয়া বেপারী প্রকাশ কালাম মিয়া। নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, প্রতারণার মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে ব্ল্যাক মেইল ও টাকা আদায়ের অভিযোগে মতিউর রহমান নামে এক ব্যক্তি নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত একজন ব্যক্তি তার হোয়াটসঅ্যাপে গত ১৪ জুন বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে বিভিন্ন প্রলোভন দেখান। এরপর ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করেছেন। তারও পরে ছবি এডিট করে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মানহানির ভয় ভীতি দেখিয়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করেছেন। জনসংযোগ শাখা আরো জানায়, এমন অভিযোগ পেয়ে আমাদের টিম কাজ শুরু করে দেয়। এরই ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ার বিলভদ্র এলাকার বেলতলা তালপট্টি থেকে অভিযান চালিয়ে কালা মিয়া প্রকাশ কালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অপরের রূপ ধারণ করে জনৈক মতিউর রহমানের সাথে প্রতারণা করেছেন। সেই সাথে ব্ল্যাক মেইল করে নগদ টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬টি সিমসহ ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। এসব মোবাইল ফোনে বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া যায়। কালা মিয়া বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও সিএমপির জনসংযোগ থেকে জানানো হয়।












