জাপানি নাগরিকের আইফোন হারানোর দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হারিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে জাপানের এক নাগরিকের আইফোন১৬ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। ফোনটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন ওই জাপানি নাগরিক। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জাপানের নাগরিক মুরোহাশি হিরোকাজু নিউমার্কেট এলাকায় ব্যক্তিগত কেনাকাটা করতে যান। এ সময় তার ব্যবহৃত আইফোন১৬ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। কোতোয়ালী থানা পুলিশের একটি দল ফোনটি উদ্ধারে কাজ শুরু করে। পুলিশ নিউ মার্কেট এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। পুলিশের দাবি, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় হারানো আইফোনটি উদ্ধার করা হয়। পরে সেটি জাপানি নাগরিক মুরোহাশি হিরোকাজুর কাছে হস্তান্তর করা হয়। ফোনটি ফিরে পেয়ে তিনি পুলিশের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে জাপানি নাগরিকের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানার মামলায় ঢাকা থেকে এক ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম রেলপথে বেড়েছে যন্ত্রাংশ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল