বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুল সরকারের তদারকিতে আসছে

চট্টগ্রামে প্রতিমন্ত্রী হাজ্জাজ

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

দেশের সব বেসরকারি প্রাথমিক ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনার তথ্য দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে গতকাল বুধবার বিকালে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের। ববি হাজ্জাজ বলেন, সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজিমাধ্যম বিদ্যালয় ও যত প্রাইভেট বিদ্যালয় আছে সবগুলো আগামী দিনগুলোতে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। এছাড়া মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারবে না। রেজিস্ট্রেশনবিহীন কার্যক্রম পরিচালনা করলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ চলার কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলায়তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। স্কুলগুলো নীতিমালা মানছে কিনা, ক্লাস রুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো অনুসরণ হচ্ছে কিনা সেটা আমাদের যারা তদারকি কর্মকর্তা আছেন, তারা দেখভাল করবেন। এ তদারকির আওতায় স্কুলগুলোতে কোন বই পড়ানো হচ্ছে, কারিক্যুলামের অন্তর্ভুক্ত কী আছে, কী নেই, কোন মানের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ আছে কিনাৃ বলতে পারেন আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে, প্রশিক্ষণ নেই এমন কোনো শিক্ষক আমরা ক্লাসরুমে দেখতে চাই না। বুধবারের প্রশিক্ষণ কর্মশালায় তদারকি ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি শিশু হত্যার ঘটনা তদন্তের নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধডবলমুরিং থানার মামলায় ঢাকা থেকে এক ব্যক্তি গ্রেপ্তার