টেকনাফের মাদক ব্যবসায়ী তাহেরকে ৬ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলা, ৩ কোটি ৭৭ লাখ টাকা অর্থদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত আড়াই কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় টেকনাফের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। আবু তাহের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এনামুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। রায়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় যথাক্রমে ১ বছর ও ৫ বছর মোট ৬ বছরের কারাদণ্ড হয়। তিনি জানান, মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৭৫ জন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চালায় দুদক। তাদের মধ্যে আবু তাহের একজন। আদালতসূত্র জানায়, সম্পদ বিবরণী যাচাই করে আবু তাহেরের ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ২৩ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তার সম্পদ ও ব্যয়ের পরিমাণের সঙ্গে বৈধ আয়ের অসংগতি পাওয়া যায় ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকা।

আদালতসূত্র আরো জানায়, এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয়, কঙবাজারের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে আবু তাহেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে গত বছরের ২৯ জুন চার্জগঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা