জ্বালানি খাতে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

ক্যাবের নাগরিক সংলাপে বক্তারা

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্যমূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সংলাপের বক্তারা। তারা বলেন, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, জ্বালানির ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

সংলাপে জ্বালানি সংকট, মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম এবং এ খাতে জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী ও ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খালেদ মিজবাহউজ্জামান, সাউদার্ন ভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. এম. সিরাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খান, আনোয়ার হোসেন, শুভ কিবরিয়া। আলোচনায় অংশ নেন সাংবাদিক এম নাসিরুল হক, মুসা খান, অজয় মিত্র শংকু, নাসিমা আলম, জান্নাতুল ফেরদৌস, সেলিম জাহাঙ্গীর, মো. জানে আলম, প্রকৌশলী ইব্রাহিম, শিমুল বড়ুয়া, কবি সাইদুল আরেফিন, রেজিয়া বেগম, আবু হানিফ নোমান, এমদাদুল হক সৈকত, শাহীন চৌধুরী, আবুল কাসেম। ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু।

আলোচনায় ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। অধ্যাপক ড. খালেদ মিজবাহউজ্জামান জনগণের ন্যায্য অধিকার ও গৃহীত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক ড. এম. সিরাজুল ইসলাম জ্বালানি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খান জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নাগরিকদের আইনগত ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মিলাদ মাহফিল