জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হচ্ছে না, সংবিধানের সংস্কার হচ্ছে না এবং জনগণের যৌক্তিক দাবিও মানা হচ্ছে না। এমনকি গণভোটের আলোকে মৌলিক পরিবর্তনগুলোও আনা হচ্ছে না। কেন এসব বাস্তবায়ন করা হচ্ছে না, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না।
তিনি গতকাল রোববার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘এ–প্লাস সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের শহীদ আবিদ বিন ইসলামের বাবা। মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামিম হোসেন, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চিকিৎসক ডা. ফজলুল হক। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে এবং পরিচালনা সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেছেন, জনগণ আন্দোলনের মাধ্যমে যেমন ক্ষমতায় বসাতে পারে, তেমনি প্রয়োজনে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে। তিনি বলেন, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।
শিবির সভাপতি নুরুল ইসলাম কুমিল্লায় নিহত অপ্রতিম হত্যাকাণ্ডের কথা উল্লেখ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তা দেখে মনে হচ্ছে আমরা রোহিঙ্গা কিংবা অন্য কোনো দেশ থেকে এখানে ঘুরতে এসেছি। গত সাত মাসে দেশে অন্তত ১৫ হাজার শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে বড় একটি অংশকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুই হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। সরকারি হিসাবের বাইরেও প্রতিদিন অনেক শিশু নিখোঁজ হচ্ছে বলে তিনি দাবি করেন।












