জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

ফার্নেস অয়েলের দাম কমল লিটারে ৪ টাকা ৪৪ পয়সা

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

জুলাই মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখছে সরকার; জুনে নির্ধারিত দরই ১ জুলাই থেকে ভোক্তা পর্যায়ে বহাল থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। খবর বিডিনিউজের।

চিঠিতে বলা হয়েছে, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার জুলাই মাসের জন্য অপরিবর্তিত রাখা হল। এদিকে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমানোর কথা জানিয়েছে গতকাল। ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা বলা হয়। মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, শুল্ককর, ডলারের বিনিময় হার, বিপিসির মার্জিন, ভ্যাট ও বিতরণ ব্যয়ের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর আগে ১ জুন থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। সেই দরই জুলাই মাসে বহাল থাকছে।

কমল ফার্নেস অয়েলের দাম : ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি। নতুন দর অনুযায়ী, বিপিসির সরবরাহ করা প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে। আগে এই দর ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। মঙ্গলবার রাত ১২টা থেকে নতুন দর কার্যকর হবে বলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধজুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি