কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে বিল থেকে এক তরুণীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত তরুণী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে তাজমিমা আক্তার (১৭)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাজমিমা আক্তার গত জুলাই থেকে নিখোঁজ ছিলেন।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।





