জুলাই গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল বুধবার সকাল ১০টায় নিউ মার্কেট এলাকাস্থ রেলওয়ে স্টেশনের কম্পাউন্ডে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংলগ্ন সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছেদিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা। এছাড়া শহিদদের আত্মত্যাগ সম্পর্কে তরুণদের পরিচয় করানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অথবা উপযোগী কর্মসূচি গ্রহণ, শিল্পকলা একাডেমি ও শশু একাডেমিতে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রর্দশন, হাসপাতাল জেলখানা এতিমখানা শিশু পরিবার পথশিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন, ডিসি পার্ক শিশু পার্ক জাদুঘর ও চিড়িয়াখানাসহ সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান সকালসন্ধ্যা শিশুদের জন্য উন্মুক্ত রাখা, বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থাকরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী রায়হানের ২ সহযোগী গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর সাবেক সাব-পোস্টমাস্টারের ১৫ লাখ টাকা অর্থদণ্ড