গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব–২৩ দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে। এর আগে, সিরিজে নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব–১৯ দলের কাছে হারের পর দ্বিতীয়টিতে বৃষ্টির কারণে অনূর্ধ্ব–১৭ দলের সাথে পয়েন্ট ভাগাভাগি করে অনূর্ধ্ব–২৩ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ইনফর্ম ওপেনার এসকে জারিফ সিয়াম। ৭১ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া আহসান আল মুমিন ৪৫ বলে ৩৫ রান এবং মেহরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রান করেন। বল হাতে অনূর্ধ্ব–২৩ দলের হয়ে স্বাধীন ইসলাম তিনটি এবং মহিউদ্দিন তারেক দুটি উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব–২৩ দলকে ২১ ওভারে ১৩০ রানের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও আদিল। ৭৪ বলে ৬৩ রান করে প্রথম আউট হন আদিল। এরপর ম্যাচের হাল ধরেন তামিম ও কালাম সিদ্দিকী আলিন।
দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ১১১ বল বাকী থাকতে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল। ৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তামিম। অনপ্রান্তে ৪০ বলে অপরাজিত ৩৯ রান করেন আলিন। ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি।












