জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে জয়ের পথে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচ জেতার দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছে চট্টগ্রাম। দুই ইনিংসে একই রানে গুটিয়ে যায় সিলেট। তাদের মাঝারি স্কোরে থামিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে চট্টগ্রাম। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন স্থানীয় চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন আর ১০১ রান। বাকি রয়েছে ৯টি উইকেট। ৯৭ রানে এগিয়ে থেকে সোমবার খেলা শুরু করে সিলেট। এদিন আর ১২৯ রান যোগ করতে বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সিলেট অলআউট ২১৮ রানে। ৯ নম্বরে নেমে সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন তোফায়েল আহমেদ। ভালো শুরুর পরও ইনিংস টেনে নিতে পারেননি সৈকত আলি, অমিত হাসানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়বারেও ৪ উইকেট নেন প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশতম ম্যাচ খেলতে নামা চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পরে রান তাড়ায় বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আর বিপদ ঘটতে দেননি সাদিকুর রহমান ও শাহ পরান সোহেল। আগের রাউন্ডে ঝড়ো সেঞ্চুরি করা শাহ পরান অপরাজিত আছেন ৫১ রানে। সাদিকুর খেলছেন ৫৮ রানে। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯১ রান।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে): সিলেট ১ম ইনিংস: ২১৮, চট্টগ্রাম ১ম ইনিংস: ২১০। সিলেট ২য় ইনিংস: (আগের দিন ৮৯/২) ৮৫.৫ ওভারে ২১৮। চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ২২৭) ৩৭ ওভারে ১২৬/১।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই লিজেন্ট ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধরবি বোলার হান্ট চূড়ান্ত হলো ২১ জন