বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নে বিলম্ব, টালবাহানা কিংবা অস্বচ্ছতা নিয়ে দেশের বিভিন্ন মহলে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণের একাংশ মনে করছেন, জনগণের স্পষ্ট মতামত উপেক্ষা করা হলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
গতকাল শনিবার সকালে নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে উত্তর জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, জনগণ দীর্ঘদিনের সংকট, অনিয়ম, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে রায় দিয়েছে, সেটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কিন্তু এই প্রক্রিয়ায় যদি অযথা বিলম্ব করা হয় বা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শভিত্তিক করতে রুকনদের (সদস্যদের) আদর্শ সংগঠক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহাজাহান চৌধুরী এমপি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল জব্বার। বক্তব্য দেন, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।











