ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতাসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদের পাশের কাঁচা রাস্তায় সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাদের হেফাজতে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পরপরই চা–বাগান শ্রমিকদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু (২১) ও জিহান উদ্দীন (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ২টার দিকে বাগান সংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট (২৪) ও মো. রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জাবেদকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলিত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন (২২) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ নভেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাকে ১০ হাজার টাকা দিয়েছেন এবং বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের (২৭) কাছে রাখা আছে।
সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় লিলু আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো মতে ঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থাকা একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।











