ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক নানা আয়োজনে দেখা হলেও তাদের মধ্যে কোনও ‘প্রকৃত যোগাযোগ’ নেই বলে জানিয়েছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মুখোমুখি হলে প্রধানমন্ত্রী মোদী চোখে চোখ রাখা এড়িয়ে যান এবং চোখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখান। এনডিটিভি লিখেছে, বাজারে আসা নিজের স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’–এ মোদী সম্পর্কে এসব খোলামেলা পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া।
বইটিতে তিনি লিখেছেন, এই লেখাটি তৈরি করা পর্যন্ত নরেন্দ্র দামোদরদাস মোদী ১২ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং এখন তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায়। কিন্তু আজ পর্যন্ত তার সঙ্গে কার্যত আমার কোনো প্রকৃত যোগাযোগই গড়ে ওঠেনি।
সৌজন্যের ঘাটতি ও চোখ ফিরিয়ে নেওয়া : অতীতে দলমত নির্বিশেষে ভারতীয় শীর্ষ নেতাদের পারস্পরিক আন্তরিক হৃদ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে সোনিয়া জানান, মোদীর আচরণ এর তুলনায় বেশ আলাদা। সংসদ অধিবেশন শেষে স্পিকারের কক্ষে প্রধান দলগুলোর নেতাদের প্রথাগত বৈঠকের কথা উল্লেখ করে সোনিয়া লেখেন, এটি খুব ছোট একটি কক্ষ এবং সাধারণত সেখানে অনেকেই উপস্থিত থাকেন। কিন্তু তিনি যখন আমার মুখোমুখি হন, আমরা পরস্পরকে আনুষ্ঠানিকভাবে ‘নমস্তে’ বলি।
তবে তিনি সচরাচর অন্য দিকে তাকান, চোখে চোখ রাখা এড়িয়ে চলেন। এটি অতীতের তুলনায় একেবারেই আলাদা। আগে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভিন্ন ভিন্ন দলের নেতারাও একে অপরের সঙ্গে আন্তরিক সৌজন্য বজায় রাখতেন। কিন্তু মোদীর ক্ষেত্রে তা অনুপস্থিত বলেই মত প্রকাশ করেন সোনিয়া। খবর বিডিনিউজের।
আনুষ্ঠানিক জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়া তাদের মধ্যে কখনো কোনো বাস্তব আলাপ হয়নি জানিয়ে সোনিয়া উল্লেখ করেন, কেবল বিভিন্ন সময়ে হাসপাতাল থেকে ফেরার পর মোদী জানতে চাইতেন, ঠিক হ্যায় আপ? (আপনি কেমন আছেন?)। জবাবে সোনিয়া বলতেন, জি, আব ম্যায় ঠিক হুঁ, শুকরিয়া (হ্যাঁ, ধন্যবাদ, আমি এখন ভালো আছি)।
দুই বিপরীতমুখী রূপকল্প : পরস্পরের সম্পূর্ণ বিপরীতমুখী মতাদর্শিক অবস্থান তুলে ধরে সোনিয়া লেখেন, মোদীর ভারত গড়ে উঠেছে আরএসএসের মতাদর্শের ভিত্তিতে; যা তার ধর্মীয় বিশ্বাসে এক ধরনের ‘মৌলবাদ’ প্রতিষ্ঠা করেছে। সেখানে মোদীর নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতি অন্য সবার ওপর প্রাধান্য পায় এবং স্তরবিন্যাস, অনুশাসন ও নিয়ন্ত্রণই তার মূল ভিত্তি।
সংসদের ভাষা ও সঙ্ঘ পরিবারের রাজনীতি : প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় বক্তব্যের সমালোচনা করে সোনিয়া গান্ধী লিখেছেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রায়ই জনসভার মতো কর্কশ ভাষা ব্যবহার করেন এবং বিরোধীদের নিশানা করে তীব্র বিষোদ্গার চালান। তিনি বলেন, দেশকে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পথে এগিয়ে নেওয়ার কারণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সবসময়ই বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিদ্বেষের মূল নিশানা হয়ে আছেন। সঙ্ঘ পরিবারের বিভিন্ন ইন্টারনেট সাইট নেহরুর বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার ও মিথ্যাচারে ভরা।












