চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েমের সাথে সাধারণ ছাত্র–ছাত্রীদের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র–ছাত্রী উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্র–ছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন,আমি যোগদানের পর কয়েকটি কার্যদিবস পার করেছি মাত্র। এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি সমস্যা, সম্ভাবনা ও করণীয়গুলো নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে। আমরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চুয়েটের বিভিন্ন রিসোর্স, অফিস, শাখাগুলোকে অধিকতর ফাংশনাল করতে চাই। – ছাত্র–ছাত্রীদের সাথে ইন্টার্যাকশন, শেয়ারিং অব্যাহত রাখতে চাই। উভয় দিক থেকে শেয়ারিং থাকলে যেকোন সমস্যার দ্রুত সমাধান করা যায়। আশা করি, সকলে মিলে কাজ করলে ভবিষ্যতে অনেক বড় সাফল্য আসবে। সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, উপ–পরিচালক অধ্যাপক ড. আবু মো. মোয়াজ্জেম হোসাইন, সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক, উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












