চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন

একদিনের রুটিন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা কাটেনি। দীর্ঘ আন্দোলন শেষে শিক্ষার্থীরা ক্লাস–পরীক্ষায় ফিরলেও উপাচার্যের ‘রুটিন দায়িত্ব’ অন্য শিক্ষককে দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তড়িৎ ও ইলেকট্রনিক (ইইই) অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে এই দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আজ সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সাথে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি এবং ইউজিসির গঠিত পরামর্শক কমিটির নেতিবাচক আচরণের প্রতিবাদে এদিন ক্যাম্পাসে মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সরকারি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার (১ নভেম্বর) এক ই–মেইল বার্তার মাধ্যমে জানানো হয়, ১ নভেম্বর বিকেল থেকে আগামী ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন একে ‘একটি রেগুলার ইস্যু’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আমার অনুপস্থিতিতে অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।’ এদিকে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার এই সিদ্ধান্তকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। জরুরি বিবৃতিতে তারা জানান, নিজেদের শিক্ষাজীবন ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের কথা বিবেচনা করে তারা ক্লাস–পরীক্ষায় ফিরেছিলেন। তবে তাদের স্পষ্ট শর্ত ছিল, নবনিযুক্ত উপাচার্যকে তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তাঁর কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু সেই অবস্থান উপেক্ষা করে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

এরই প্রতিবাদে ২ নভেম্বর (আজ সোমবার) চুয়েটে ‘সর্বাত্মক একাডেমিক শাটডাউন’ ঘোষণা করে সকল ক্লাস, পরীক্ষা এবং উক্ত রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বয়কটের ডাক দেন তারা। এ ধরনের পদক্ষেপ ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করছে এবং এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আন্দোলনের সার্বিক বিষয়ে চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা নিজেদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ক্লাস–পরীক্ষায় ফিরেছিলাম। তবে আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমরা শাটডাউন ডেকেছি। অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা স্বাধীনতা চত্বর ও প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’সহ নানা স্লোগান দেন। মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউজিসির কমিটি আমাদের যে হুমকি দিয়েছে, তাতে আন্দোলন কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। ৪০ দিন পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জানান, সমস্যার সমাধান দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে গত ২১ সেপ্টেম্বর থেকে আন্দোলন চলছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম দায়িত্ব নেওয়ার পর গত ১২ অক্টোবর শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করেন। এর পর থেকে তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরলেও রুটিন দায়িত্ব প্রদানকে ঘিরে চুয়েট ক্যাম্পাসে নতুন করে অস্থিরতা তৈরি হলো।

পূর্ববর্তী নিবন্ধউত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাজেকে আবারও বন্দুকযুদ্ধ খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল বন্ধ