চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার মহান ব্রত। একজন চিকিৎসকের সাফল্য শুধু তাঁর ডিগ্রি, দক্ষতা কিংবা পদমর্যাদার ওপর নির্ভর করে না, বরং রোগীর প্রতি তাঁর আচরণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই প্রকৃত সাফল্য প্রতিফলিত হয়।
তিনি গত রোববার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে নবীন চিকিৎসকদের রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাশাস্ত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতা রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ কিংবা চিকিৎসাসেবা নিতে আসেন না, তাঁরা ভরসা ও আশ্রয়ও খোঁজেন। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার প্রতি সমান মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। প্রশাসক বলেন, ইন্টার্নশিপ একজন চিকিৎসকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। হাসপাতালে দায়িত্ব পালনের সময় রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং পেশাগত শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম ইমনের সভাপতিত্বে ডা. রক্তিম চৌধুরী তুর্য এবং ডা. সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, জেলা ড্যাবের সভাপতি ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী। উপস্থিত ছিলেন ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম লিটন, অধ্যাপক ডা. মনোজ কুমার, অধ্যাপক ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, অধ্যাপক ডা. ইমরোজ উদ্দীন, অধ্যাপক ডা. নুরুল করিম চৌধুরী, ডা. মো. সাদ্দাম হোসেন, ডা. মোনায়েম ফরহাদ ও ডা. আসিফ মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।












