চার দফা দাবি, একীভূত পাঁচ ব্যাংক গ্রাহকদের রোডমার্চ কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

একীভূত পাঁচ ব্যাংকে হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানত ফিরে পাওয়ার দাবিতে নগরীতে ‘রোডমার্চ’ কর্মসূচি পালন করেছেন ব্যাংকের গ্রাহকেরা। গতকাল দুপুরে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনচট্টগ্রাম বিভাগের ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। ১০ এপ্রিল ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ জারি হলেও সেখানে সাধারণ আমানতকারীদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি, বরং নানা ধরনের সীমাবদ্ধতা ও বৈষম্যমূলক নীতির কারণে আমানতকারীরা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা আমাদের নিজের টাকা চাই।

আমানতকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে হেয়ার কাট নীতি (মুনাফা কেটে রাখা) বাতিল করে আমানতকারীদের পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করা, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেন দ্রুত স্বাভাবিক করা, এফডিআর, ডিপিএস এবং অন্যান্য আমানতের অর্থ চুক্তি অনুযায়ী গ্রাহকদের পরিশোধ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত ও চুক্তিভিত্তিক মুনাফার হার বহাল রাখা।

সংবাদ সম্মেলন শেষে রোডমার্চ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ প্রবাসী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী। জীবনের সঞ্চয়, পেনশনের টাকা, জমি বিক্রির অর্থ, প্রবাসজীবনের কষ্টার্জিত রেমিট্যান্স কিংবা পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য জমানো অর্থ আমরা ব্যাংকে রেখেছিলাম। কারণ, আমরা বিশ্বাস করেছিলাম, ব্যাংক আমাদের আমানতের নিরাপদ আশ্রয়। কিন্তু সে আমানত আমরা এখন ফিরে পাচ্ছি না।’ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমরা সাধারণ আমানতকারী। আমাদের কোনো দলীয় শক্তি নেই, কোনো রাজনৈতিক শক্তি নেই। আমাদের একমাত্র ভরসা দেশের জনগণের নির্বাচিত সরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আসন্ন বাজেট ও নীতিনির্ধারণী সিদ্ধান্তে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে এই সংকটের সমাধান করা হোক।

পূর্ববর্তী নিবন্ধহারানো ১০১ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল জেলা পুলিশ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক