চসিক অনুমোদিত বলে বিক্রি, হালিশহরে ইজিবাইক জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমোদন রয়েছে দাবি করে বিক্রি করায় একটি ইজি বাইক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় হালিশহরের মাইজপাড়া কুমারি পুকুরপাড় এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার। চসিক সূত্রে জানা গেছে, অভিযানে নুরুল ইসলাম কোম্পানির গ্যারেজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে ১৫০০ মডেলের ইজি বাইক বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বিক্রয়রত একটি ইজি বাইক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চসিকের অনুমোদনের বিষয়টি প্রচার করে ইজি বাইক বিক্রির চেষ্টা করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল। নগরবাসীর স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে। কেউ চসিকের নাম বা অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নগরবাসীকে কোনো যানবাহন বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বৈধ কাগজপত্র যাচাই করে লেনদেন করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু