সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক ব্যাটারি রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা পরিষদসংলগ্ন দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালামিয়া বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী লেনে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিকশাচালক ইয়াছিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আফসার বলেন, দুর্ঘটনার পর সিডিএম পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ইয়াছিন তিন দিন ধরে ব্যাটারি রিকশা চালাচ্ছিলেন। এর আগে কিছুদিন তিনি সিএনজি টেক্সিও চালিয়েছেন।










