চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন

বন্ধ ছিল অনেক সেবা, ভোগান্তিতে পড়েন রোগীরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপাকে পড়েন রোগীরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআরআই মেশিনসহ অনেক মেশিন বন্ধ হয়ে যায়। এছাড়া টিকিট কাউন্টারেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পুরো হাসপাতালে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীদের এ সময় ক্ষোভ প্রকাশ দেখা গেছে। তবে হাসপাতালের নিজস্ব জেনারেটরের মাধ্যমে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। চমেক হাসপাতালের আশপাশের কয়েকটি এলাকায়ও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এদিকে বিদ্যুৎ না থাকায় রেডিওলজি ও ইমেজিং বিভাগে সেবা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান কাজী মো. আলম বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের এক্সরে করা সম্ভব হয়নি। আলট্রাসনোগ্রাফির মেশিন চালাতেও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকায় সেটিও চালু রাখা সম্ভব হয়নি।

আল্ট্রাসনোগ্রাফি করতে আসা ফটিকছড়ির রোগী হোসনে আরা বেগম বলেন, ডাক্তার আজকে আল্ট্রার ডেট দিয়েছেন। কিন্তু সকাল থেকে বিদ্যুৎ না থাকায় বসে আছি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি ভিত্তিতে বিদ্যুৎ বিভাগে ফোন দিয়েছিলাম। পরে বিদ্যুৎ বিভাগ জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করেছে। এখন হাসপাতালে বিদ্যুৎ আছে। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ চট্টগ্রাম স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম আজাদীকে বলেন, একটি প্রকল্পের অধীনে জরুরি মেরামত কাজে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেডিয়াম এলাকার কয়েকটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। চমেক হাসপাতালের পরিচালক ফোন করে রোগীদের ভোগান্তির বিষয়টি জানালে আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। আমরা ১১টায় হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ দিয়েছি। মাত্র দেড় ঘণ্টার মতো বিদ্যুৎ ছিল না।

পূর্ববর্তী নিবন্ধযাচ্ছিল এইচএসসি পরীক্ষা দিতে, ক্রেন চাপায় মৃত্যু
পরবর্তী নিবন্ধএক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ