চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এবার চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈ ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, অ ইউনিটের ৩০ জানুয়ারি, ই ইউনিটের ৫ ফেব্রুয়ারি এবং উ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ই১ উপ–ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ই২ উপ–ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং উ১ উপ–ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ই১, ই২ ও উ১ উপ–ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।








