চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ক্যাম্পাসের শাটল ট্রেন স্টেশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, রক্তদাতা সংগ্রহ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়, তাই স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত অন্যের দেওয়া রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমরা এই রোগীদের সেবায় সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করে বেঁচে থাকেন। আমরা যারা সুস্থ আছি, আমাদের প্রত্যেকের রক্তদানে এগিয়ে আসা উচিত। বিআরএফ ইয়ুথ ক্লাব থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত কাজ করে আসছে।












