চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৭৯৪ জন

মুচলেকায় অভিভাবকের জিম্মায় ৬১৬ জন, ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৭৯৪ জনকে। তাদের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গত রোববার ১১ অক্টোবর পরিচালিত অভিযান ও গ্রেপ্তারসংক্রান্ত তথ্য গতকাল সোমবার চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১২১ জন ও সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার চারজন, নোয়াখালীর একজন, রাঙামাটির দুজন ও খাগড়াছড়ির একজন রয়েছেন। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ৩৬২ জনকে আটক করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া নোয়াখালীতে ১৩৭ জন, লক্ষ্মীপুরে ১২৮ জন, চট্টগ্রামে ৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ১৭ জন, কঙবাজারে ১৮ জন, ফেনীতে পাঁচজন, রাঙামাটিতে ১০ জন এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ক্যান্সার সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার আলোচনা সভা