চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেটের চালান জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিগারেটের চালান জব্দ করা হয়েছে। শনিবার রাত ১১টা নাগাদ বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআই’র নেতৃত্বে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের একজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক এরাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। সব মিলিয়ে ১৩৪৫ কার্টুন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এরমধ্যে বেশ কিছু সিগারেট এনেছেন সালাম এয়ারের যাত্রী কক্সবাজারের চকরিয়া এলাকার মোহাম্মদ শামসুদ্দিন। উদ্ধারকৃত সিগারেটের মূল্য আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্য ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে প্রাথমিকভাবে মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের