চট্টগ্রাম বিভাগের সেরা ৭ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা সাত বাংলাবিদ।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তম বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চবি বাংলা বিভাগের অধ্যাপক শারমিন মুস্তারী এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। আর এই প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আইএর তাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ( টি ট্রেড), সৈয়দ হুসেইন পিশনামাজ। এছাড়াও সুন্দর হাতের লেখার জন্য সেরা তিনজনকে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শরিফুল ইসলাম ।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠ প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা সাত জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থাান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র। উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঅবিলম্বে বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান করতে হবে