চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে ক্যান্সার রোগী বাড়ার কারণ খাদ্যাভ্যাস

সাংবাদিকদের কর্মশালায় বক্তব্য

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা গত রোববার কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজসংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে দুর্গম অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আশঙ্কাজনকভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে স্থানীয় খাদ্যাভ্যাস এবং শুঁটকিতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিককে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে এটিও অন্যতম একটি বড় কারণ বলে তিনি জানান।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারি নজরদারির ওপর জোর দিয়ে তিনি বলেন, যদি সরকারিভাবে কোনো তথ্য নেওয়া হয়, এই যারা শুঁটকি মাছ সংরক্ষণ করে, ওখানে যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো খুব ভালো হয়।

হিল ফ্লাওয়ারের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক জেনিফার অজন্তা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সদস্য জগলুল হুদা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, আলমগীর কবির, সুজন কান্তি তঞ্চঙ্গ্যা, ওয়াগ্‌গা ক্রোম্রাচিং মারমা ও পপি তঞ্চঙ্গ্যা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে দীক্ষাদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে খাল পুনঃখনন, ভূমি সংরক্ষণ ও উড়িরচর রক্ষায় স্মারকলিপি