চট্টগ্রাম-কক্সবাজার-রাঙামাটি জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

টানা বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের তিন জেলা চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় আজকের (বুধবার) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

তবে খাগড়াছড়ি ও বান্দরবানে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অনাকাঙ্‌ক্িষত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ের জন্য তিনটি পৃথক প্রশ্নসেট প্রস্তুত রাখা হয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, প্রয়োজন হলে বিকল্প প্রশ্নসেট ব্যবহার করে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে।

সে অনুযায়ী, বুধবার দেশের অন্যান্য অঞ্চলে যে প্রশ্নসেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরে নতুন তারিখে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির পরীক্ষার্থীরা ভিন্ন প্রশ্নসেটে পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গত ২ জুলাই। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। চট্টগ্রামে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী গতরাতে দৈনিক আজাদীকে এ তথ্য জানিযেছেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক ও রেড ক্রিসেন্টের সমন্বয়ে ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ