চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একদিনে ৫ মৃত্যু

লোহাগাড়ায় মাইক্রো খাদে, ২ ভিক্ষুসহ চালক নিহত চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় মারা গেছে দুজন

আজাদী ডেস্ক | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ মহাসড়কে একদিকে ঝরে গেল ৫ প্রাণ। লোহাগাড়ার জাঙ্গালিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ ভিক্ষুসহ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এদিকে চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। দুর্ঘটনাগুলো ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে।

লোহাগাড়ায় নিহত ৩ : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোতে থাকা আরো ৫ যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু উসারা গৃহি (খ্যাচিং মারমা), মাটিরাঙ্গা চৌধুরীঘাটা ওয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভিক্ষু আগ্‌গাধেইম্মা ও য়ংড বৌদ্ধ বিহারের গাড়িচালক লাব্রে মারমা। আহতরা হলেন পানছড়ি চৌধুরী পাড়া অগ্রমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভিক্ষু ইন্দাসারা, ভাইবোন ছড়া ৮ নং রাবার বাগান প্রকল্প বিহারের অধ্যক্ষ সুমিত্তা ভিক্ষু, ভাইবোন ছড়া গর্জনটিলা বিহারের উপাধ্যক্ষ নাইন্দিয়া ভিক্ষু, মাটিরাঙ্গার চিংপ্রো মারমা ও ভাইবোন ছড়ার চাতৈয় প্রো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। পরে পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা ২ ভিক্ষুসহ চালক ঘটনাস্থলে নিহত হন। আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাসটি। বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোটি পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে থেকে খাগড়াছড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

ওইদিন দুপুরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত : চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে মহাসড়কের হারবাং স্টেশনের কাছে এবং সকাল ৯টার দিকে মালুমঘাট স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের হারবাংয়ে যাত্রীবাহী পূরবী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৩২)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ গ্রামের বাসিন্দা এবং ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তবে পূরবী বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের দক্ষিণ পাশে গতকাল সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ (৫৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। নিহত ইউসুফ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা। এ সময় আহত হন বাসের ৫ জন যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, হতাহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়ার খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখালে দেওয়া অস্থায়ী বাঁধের কারণেই জলাবদ্ধতা : মেয়র
পরবর্তী নিবন্ধপারমাণবিক বিদ্যুতের আরো কাছে বাংলাদেশ