চট্টগ্রাম ইনিংস ব্যবধানে হারালো বরিশালকে

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে তিনটি খেলায় ফল আসেনি। খেলা ড্র হয়ে গেছে। ফল এসেছে শুধুমাত্র বরিশাল ও চট্টগ্রামের ম্যাচে। প্রথম রাউন্ডের মতো এবার দ্বিতীয় রাউন্ডেও তিনটি খেলা ড্র হয়েছে। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আশরাফুল হাসানের চমৎকার অফ স্পিনে বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়ে দেয় চট্টগ্রাম। শেষ দিন ইনিংস পরাজয় এড়াতে বরিশালের করতে হতো ১৪৫ রান। তাদের বাকি ছিল ৬টি উইকেট। এদিন ৫৬ ওভারে ১৪৪ রান করতেই বাকি ৬ উইকেট হারায় দলটি। আগের দিন ৪ উইকেটে ১৪৯ রান হাতে নিয়ে খেলতে নেমেছিল বরিশাল। শেষ পর্যন্ত ১১৫ ওভারে ২৯৩ রানে থেমে যায় তারা। রাফসান আল মাহমুদ ৭ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন। শেষ দিকে ৩৬ রানে অপরাজিত থাকেন মইন খান। তবু দলের টানা দ্বিতীয় ইনিংস পরাজয় এড়াতে পারেননি তারা। এর আগে মইনুল ৪১, হাফিজুর ১৮ রান করেছিলেন। বরিশালের ব্যাটিং লাইনআপকে কঠিন পরীক্ষায় ফেলে ৭৭ রানে ৫ উইকেট নেন আশরাফুল। ১১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় ৫ উইকেট। মুরাদ পান ৬১ রান দিয়ে ২টি উইকেট। দুই ইনিংসে মিলিয়ে ৬ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেছেন মুরাদ। ৪৭ ম্যাচের ৭৮ ইনিংসে মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি স্পিনার। ইনিংসে ১৪ বার ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া রুবেল ৪১ রান দিয়ে ২টি এবং এনামুল ২৯ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। ম্যাচের

সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগের সাদিকুর রহমান। চট্টগ্রামের ১ম ইনিংসে ১৬৩ বলে ১৪৯ রান করেছিলেন তিনি। বরিশাল ১ম ইনিংসে ২৮২ এবং চট্টগ্রাম ১ম ইনিংসে ৫৭৬ রান করে। চট্টগ্রাম বনাম বরিশাল বিভাগের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, বিসিবি কাউন্সিলর প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ, সানরাইজ, শাহ গরীবউল্লাহ ও মিলেনিয়াম একাডেমির জয়লাভ
পরবর্তী নিবন্ধরাগেশ্রী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী কাল